|
বঙ্গাব্দ | শনিবার, ৩০ মে ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

বাসা ভাড়া নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী খুন, বিক্ষোভে অচল নওয়াপাড়া বাজার

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-05-13 18:56:50
  • 4899 বার পঠিত
বাসা ভাড়া নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী খুন, বিক্ষোভে অচল নওয়াপাড়া বাজার
ছবির ক্যাপশন: বাসা ভাড়া নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী খুন, বিক্ষোভে অচল নওয়াপাড়া বাজার

যশোরের অভয়নগরের শিল্প ও বাণিজ্যকেন্দ্র নওয়াপাড়ায় বাসা ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহত আনিসুর রহমান আনিস (৬৫) দীর্ঘদিন ধরে নওয়াপাড়া বাজারে ব্যবসা পরিচালনা করতেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায়।

স্থানীয় সূত্র জানায়, নওয়াপাড়ার আনিছ প্লাজার একটি বাসা ভাড়া নেওয়াকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। পীরবাড়ি এলাকার শাহ জুনায়েদের ছেলে শাহ মাহমুদ ওই বাসা ভাড়া নিতে আগ্রহী ছিলেন। তবে ভবনের মালিকপক্ষ তাকে বাসা দিতে রাজি না হওয়ায় উভয়ের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আনিছ প্লাজার সামনে বিষয়টি নিয়ে আবারও কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শাহ মাহমুদ ধারালো কুড়াল দিয়ে আনিসুর রহমানের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। হামলায় তার মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও সংকটাপন্ন হয়ে পড়লে চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। স্বজনরা অ্যাম্বুল্যান্সে ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার পর নওয়াপাড়া এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে নওয়াপাড়া বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ রাখা হয়। পরে ব্যবসায়ীরা খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।

দুপুরে স্টেশন বাজার এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি যশোর-খুলনা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নূরবাগ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, একটি গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্রে প্রকাশ্যে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড ব্যবসায়ী সমাজকে আতঙ্কিত করে তুলেছে। তারা দ্রুত আসামিদের গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের আটকে পুলিশের অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER