চার বছরেও নিষ্পত্তি হয়নি পরীমনির মাদক মামলা, আবারও পেছাল শুনানি
- পোষ্ট টাইম : 2026-11-17 17:56:27
- 1110 বার পঠিত
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার বিচারিক কার্যক্রমে আবারও নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা অনুষ্ঠিত হয়নি। আদালত আগামী ২৩ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার আদালতে শুনানি শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী জানান, এদিন ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন নির্ধারিত ছিল। সে অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে আদালতে উপস্থিত হন পরীমনি। তবে সেখানে গিয়ে তিনি জানতে পারেন, মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে স্থানান্তর করা হয়েছে।
পরে সিএমএম আদালতে হাজিরা দেন পরীমনি। সেখানে প্রয়োজনীয় কার্যক্রম শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন আগামী ২৩ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ পরিবর্তন করে ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল।
২০২১ সালের ৪ আগস্ট রাজধানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে মদ ও মাদকদ্রব্য উদ্ধারের দাবি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই অভিযানের পর পরীমনিকে গ্রেপ্তার করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
প্রায় এক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান এই চিত্রনায়িকা। তবে গ্রেপ্তারের আগে একই বছরের ১ আগস্ট এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে আলোচনায় এসেছিলেন তিনি। পরবর্তী সময়ে তার বাসায় অভিযান ও গ্রেপ্তারের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৪ অক্টোবর সিআইডি পুলিশের পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা কাজী গোলাম মোস্তফা আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে পরীমনিসহ মোট তিনজনকে আসামি করা হয়। মামলার অপর দুই আসামি হলেন তার ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং খালু কবীর হোসেন হাওলাদার।
২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এরপর মামলার বাদী র্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমান সাক্ষ্য দেওয়া শুরু করেন।
তবে অভিযোগ গঠনের ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন পরীমনি। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। একই সঙ্গে পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন।
পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশনার আলোকে মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে পুনরায় আদেশ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। তবে নানা আইনি প্রক্রিয়া ও শুনানির তারিখ পরিবর্তনের কারণে মামলাটির কার্যক্রম দীর্ঘ সময় ধরে আলোচনায় রয়েছে।
সর্বশেষ মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতে হাজিরা দিলেও অভিযোগ গঠনের বিষয়ে শুনানি সম্পন্ন হয়নি। ফলে মামলাটির পরবর্তী অগ্রগতি জানতে এখন আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
দীর্ঘদিন ধরে চলা আলোচিত এই মামলায় নতুন নির্ধারিত তারিখে আদালতের পরবর্তী সিদ্ধান্ত কী হয়, সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের।
