|
বঙ্গাব্দ | শনিবার, ৩০ মে ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

রাজস্ব বাড়াতে কঠোর এনবিআর: আসছে সম্পদ কর, বাড়ছে তামাক, মদ ও মোটরবাইকের খরচ

Reporter
রিপোর্টারের নামঃ MAMUNUR RAHMAN
  • পোষ্ট টাইম : 2026-05-16 18:58:42
  • 4141 বার পঠিত
রাজস্ব বাড়াতে কঠোর এনবিআর: আসছে সম্পদ কর, বাড়ছে তামাক, মদ ও মোটরবাইকের খরচ
ছবির ক্যাপশন: NBR

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে বড় ধরনের রাজস্ব সংস্কারের পথে হাঁটছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ওপর চাপ না বাড়িয়ে, মূলত উচ্চবিত্ত ও বিলাসী খাত থেকে বাড়তি রাজস্ব আদায়ের কৌশল নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে দীর্ঘদিন পর দেশে সরাসরি 'সম্পদ কর' (Wealth Tax) পুনর্বহালের পাশাপাশি তামাকজাত পণ্য ও মদের দাম বৃদ্ধি এবং মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ওপর নতুন কর আরোপের নীতিগত পরিকল্পনা চলছে।

অর্থ মন্ত্রণালয় ও এনবিআর সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বাজেট সংক্রান্ত সাম্প্রতিক বৈঠকে এই খসড়া প্রস্তাবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যা আসন্ন বাজেটে চূড়ান্ত রূপ পেতে পারে।

 

বর্তমানে দেশে নিট সম্পদের ওপর যে 'ওয়েলথ সারচার্জ' বা বাড়তি মাশুল ব্যবস্থা চালু আছে, তা বাতিল করে সরাসরি নিট সম্পদের ওপর 'সম্পদ কর' আরোপ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এনবিআর ধারণা করছে, এই নতুন ব্যবস্থার মাধ্যমে সরকারের অতিরিক্ত প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হবে, যা একই সঙ্গে দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য কমাতেও ভূমিকা রাখবে।

প্রাথমিক প্রস্তাব অনুযায়ী, ৪ কোটি টাকা পর্যন্ত নিট সম্পদ করমুক্ত রাখা হতে পারে। তবে ৪ কোটি থেকে ৬ কোটি টাকা সম্পদের ওপর ০.২৫ শতাংশ, পরবর্তী ৫ কোটি টাকার ওপর ০.৫০ শতাংশ, তার পরবর্তী ৫ কোটি টাকার ওপর ০.৭৫ শতাংশ এবং ১৬ কোটি টাকার বেশি নিট সম্পদের ওপর সর্বোচ্চ ১ শতাংশ সরাসরি সম্পদ কর আরোপের পরিকল্পনা চলছে। কর ফাঁকি ও সম্পদ গোপন ঠেকাতে ব্যাংক হিসাব, জমির রেজিস্ট্রি, বিলাসবহুল গাড়ির নিবন্ধন ও সঞ্চয়পত্রের তথ্য কেন্দ্রীয়ভাবে সমন্বয় করার কাজ শুরু করেছে এনবিআর।

 

জনস্বাস্থ্য রক্ষা এবং একই সাথে রাজস্ব আহরণ বাড়াতে আগামী বাজেটে তামাকজাত পণ্য (সিগারেট, বিড়ি, জর্দা, গুল) এবং মদের ওপর সম্পূরক শুল্ক ও কর উল্লেখযোগ্য হারে বাড়ানোর দাবি ও প্রস্তাব উঠেছে।

বিশেষজ্ঞ ও এনবিআর কর্মকর্তাদের আলোচনা অনুযায়ী, সিগারেটের বিদ্যমান চার স্তর বিশিষ্ট বাজার কাঠামো পরিবর্তন করে তিন স্তরে নামিয়ে আনা হতে পারে। নিম্ন ও মাঝারি স্তরকে একীভূত করে প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য ১০০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। এছাড়া উচ্চ স্তরের দাম ১৫০ টাকা এবং প্রিমিয়াম স্তরের দাম ২০০ টাকা করার পাশাপাশি সব স্তরেই ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রাখার কথা ভাবা হচ্ছে। একইভাবে মদের ওপর শুল্ক বাড়িয়ে বিলাসী এই খাত থেকে বড় অঙ্কের রাজস্ব আদায়ের ছক কষছে সরকার।

 

পরিবহন খাতে প্রথমবারের মতো মোটরসাইকেল মালিকদের ইঞ্জিনের ধারণক্ষমতা (সিসি) ভিত্তিক 'অগ্রিম আয়কর' (AIT) ব্যবস্থার আওতায় আনার বড় পরিকল্পনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী:

১১১ থেকে ১২৫ সিসির মোটরসাইকেলের জন্য বছরে ২,০০০ টাকা,

১২৬ থেকে ১৬৫ সিসির জন্য ৫,০০০ টাকা,

১৬৫ সিসির ঊর্ধ্বের উচ্চ ক্ষমতার মোটরবাইকের জন্য বার্ষিক ১০,০০০ টাকা অগ্রিম আয়কর দিতে হতে পারে।

তবে এই সিদ্ধান্তের ফলে রাইড শেয়ারিং বা উবার-পাঠাও চালিয়ে যারা জীবিকা নির্বাহ করেন, তাদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হবে কিনা, তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে বিতর্ক শুরু হয়েছে।

পাশাপাশি, এতদিন করজালের বাইরে থাকা দেশের প্রায় ৫০ লাখ ব্যাটারিচালিত অটোরিকশাকে নিবন্ধনের আওতায় এনে কর আরোপের চিন্তা করা হচ্ছে। এক্ষেত্রে সিটি করপোরেশন এলাকায় বার্ষিক ৫,০০০ টাকা এবং পৌরসভা এলাকায় ২,০০০ টাকা কর নির্ধারণের প্রস্তাব চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।

 

এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, আগামী বাজেটের মূল লক্ষ্য হচ্ছে সামর্থ্যবানদের কাছ থেকে বেশি কর আদায় করা। সে লক্ষ্যে ৩৫০০ সিসির বেশি বিলাসবহুল ব্যক্তিগত গাড়ির অগ্রিম আয়কর ২ লাখ টাকা থেকে বাড়িয়ে একলাফে ১০ লাখ টাকা করার চিন্তা রয়েছে। এছাড়াও হেলিকপ্টার, ব্যক্তিগত বিমান ও আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নেও বড় অঙ্কের কর বসানো হচ্ছে।

বিপরীতে, সাধারণ মানুষের স্বস্তি দিতে চাল, ডাল, ভোজ্য তেল, চিনি ও পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে বিদ্যমান ১ শতাংশ উৎস কর ও টার্নওভার কর প্রত্যাহারের জোরালো পরিকল্পনা রয়েছে। পাশাপাশি করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করা হতে পারে, যা মধ্যবিত্তকে কিছুটা হলেও স্বস্তি দেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER