ডেঙ্গু প্রতিরোধে যশোরে পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত
- পোষ্ট টাইম : 2026-05-16 19:25:02
- 4204 বার পঠিত
যশোরে ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার রোধে পৌর এলাকাজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নিজেই যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির পুকুরে নেমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্ষা মৌসুমে মশাবাহিত রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, ব্যক্তি উদ্যোগে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা গেলে শুধু ডেঙ্গু বা চিকনগুনিয়াই নয়, বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকিও অনেকাংশে কমানো সম্ভব। এ ধরনের উদ্যোগকে সাময়িক কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে ধারাবাহিকভাবে চালিয়ে যেতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসন ও যশোর পৌরসভার সহযোগিতায় যশোর ইনস্টিটিউট এ কর্মসূচির আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ।