মিরপুরে শিশু হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী
- পোষ্ট টাইম : 2026-05-23 19:10:04
- 2604 বার পঠিত
ঢাকার মিরপুরে আলোচিত শিশু হত্যার ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ ধরনের শিশু ও নারী নির্যাতনের ঘটনায় সরকার কোনো ধরনের ছাড় দেবে না।
শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল একাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ শিশুর নির্মম মৃত্যু আমাদের মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না।”
তিনি আরও বলেন, “সরকার শিশুটির হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।”
তিনি বলেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে আইনের শাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং দেশের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনর্জাগরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বক্তব্যে প্রধানমন্ত্রী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মকে নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, “নজরুলের জীবনবোধ ও দর্শন প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে দিতে হবে।”
এ সময় ত্রিশালকে “নজরুল সিটি” হিসেবে ঘোষণা করার সম্ভাব্যতা যাচাইয়ে সংস্কৃতি মন্ত্রণালয় ও পর্যটন বিভাগের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।