ঈদযাত্রায় বাড়তি সুবিধা, সোমবার থেকে চলবে ১০ বিশেষ ট্রেন
- পোষ্ট টাইম : 2026-05-24 14:29:05
- 2285 বার পঠিত
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও স্বস্তিদায়ক করতে সোমবার থেকে ১০টি বিশেষ ট্রেন (৫ জোড়া) পরিচালনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রোববার সকালে রেলমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী জানান, ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে বিশেষ এই ট্রেনগুলো চালু করা হচ্ছে। একই সঙ্গে রেল বহরে নতুন ৫১টি কোচ যুক্ত করা হয়েছে, যাতে প্রতিদিন আরও বেশি সংখ্যক যাত্রী পরিবহনের সুযোগ তৈরি হবে। তিনি বলেন, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
রেল মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশেষ ট্রেনগুলো ঢাকা-দেওয়ানগঞ্জ, চট্টগ্রাম-চাঁদপুর, জয়দেবপুর-পার্বতীপুর এবং শোলাকিয়া ঈদ জামাতকে কেন্দ্র করে বিভিন্ন রুটে চলাচল করবে। ঈদের আগে ও পরে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসব ট্রেন পরিচালিত হবে।
রেলমন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত ঈদযাত্রার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যদিও কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা বিলম্বে ছেড়েছে, তবে দ্রুত এসব সমস্যা সমাধানে কাজ চলছে। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশন ও প্ল্যাটফর্মগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও মোতায়েন রাখা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে আশা করছে, অতিরিক্ত ট্রেন ও কোচ সংযোজনের ফলে এবারের ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমবে এবং বাড়ি ফেরা আরও স্বাচ্ছন্দ্যময় হবে।