পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, অচল ৭ জাহাজের কাজ
- পোষ্ট টাইম : 2026-11-17 18:00:34
- 1254 বার পঠিত
চট্টগ্রাম প্রতিনিধি: গ্র্যাচুইটি, করোনাকালীন ভাতা ও বকেয়া পাওনাসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করছেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা। তাদের এ কর্মসূচির কারণে বন্দরের গুরুত্বপূর্ণ দুটি কনটেইনার টার্মিনালে কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এতে সাতটি জাহাজের পণ্য ও কনটেইনার ওঠানামার কাজ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) এবং নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা।
শ্রমিকদের কর্মসূচির কারণে বন্দরের স্বাভাবিক পণ্য পরিবহন ও কনটেইনার ব্যবস্থাপনায় অচলাবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে জাহাজ থেকে কনটেইনার খালাস এবং কনটেইনার ওঠানামার কার্যক্রম বন্ধ থাকায় বন্দরের কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিসিটিতে অবস্থানরত দুটি এবং এনসিটিতে বার্থিংয়ে থাকা পাঁচটি জাহাজের কনটেইনার খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। সব মিলিয়ে সাতটি জাহাজে পণ্য ও কনটেইনার ওঠানামার কাজ স্থবির হয়ে পড়েছে।
আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন পাওনা ও সুযোগ-সুবিধা নিয়ে দাবি রয়েছে। এসব দাবির মধ্যে রয়েছে গ্র্যাচুইটি, করোনাকালীন ভাতা এবং বকেয়া পাওনা পরিশোধসহ মোট পাঁচটি বিষয়। দাবি পূরণ না হওয়ায় তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।
সাইফ পাওয়ারটেকে কর্মরত শ্রমিক মো. ফারুক জানান, বন্দরের সাতটি বার্থে কাজ বন্ধ রয়েছে। এসব বার্থে পণ্যবাহী সাতটি জাহাজ অবস্থান করছে। শ্রমিকদের কর্মবিরতির কারণে জাহাজগুলো থেকে পণ্য ও কনটেইনার খালাস করা সম্ভব হচ্ছে না।
শ্রমিকরা আরও জানিয়েছেন, তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। দাবি আদায়ে তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র। ফলে বন্দরের টার্মিনালগুলোতে দীর্ঘ সময় কার্যক্রম বন্ধ থাকলে পণ্য সরবরাহ, জাহাজের অবস্থানকাল এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে শ্রমিকদের পাঁচ দফা দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমঝোতা হয়েছে কি না, কিংবা কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত এসেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
