যশোরে ১৫ লাখ টাকার চুক্তিতে শশুর খুন
- পোষ্ট টাইম : 2026-03-03 00:17:38
- আপডেট টাইম : 2026-03-03 00:18:32
- 14399 বার পঠিত
যশোর শহরের শংকরপুরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে ১৭ মামলার আসামি মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১ মার্চ) আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ডিবি সূত্র জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতের দিকে শহরতলীর ঝুমঝুমপুর মাস্টারপাড়া এলাকা থেকে মনিরুলকে গ্রেপ্তার করা হয়। তিনি শহরের ষষ্ঠীতলাপাড়ার আব্দুল খালেকের ছেলে। যশোর সদর আমলি আদালতের বিচারক সাকিব আহম্মেদ ইমন মনিরুলের জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ডিবির উপপরিদর্শক (এসআই) অলক কুমার দে জানান, মনিরুলের বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ মোট ১৭টি মামলা রয়েছে। আদালতে তিনি আলমগীর হোসেন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
স্বীকারোক্তিতে উঠে এসেছে, হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন নিহতের জামাই পরশ। শ্বশুরকে হত্যার জন্য ১৫ লাখ টাকার চুক্তি করা হয়। পরিকল্পনা অনুযায়ী, হত্যাকাণ্ডে অংশ নেওয়া ব্যক্তিদের ৫ লাখ টাকা দেওয়ার কথা ছিল।
ঘটনার দিন বিকেলে শুটার ত্রিদিব ওরফে মিশুককে ১ লাখ টাকা ও একটি পিস্তল তুলে দেন পরশ। বাকি ৪ লাখ টাকা শংকরপুরের প্রিন্সের কাছ থেকে ধার নিয়ে দেওয়ার কথা ছিল এবং অবশিষ্ট ১০ লাখ টাকা পরে পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়। হত্যাকাণ্ডে মোট ১০ থেকে ১২ জন অংশ নেন বলে জানা গেছে।
গত ৩ জানুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে আলমগীর হোসেন শংকরপুর বটতলা থেকে ইসহাক সড়কে প্রবেশ করলে তিনটি মোটরসাইকেলে হামলাকারীরা তাকে অনুসরণ করে। প্রথম মোটরসাইকেলে ছিলেন অমিত ও শুটার মিশুক। দ্বিতীয় ও তৃতীয় মোটরসাইকেলে ছিলেন অন্য সদস্যরা। সাবেক কাউন্সিলর নয়নের অফিসের কাছে পৌঁছালে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি চালানো হয়। পরে হামলাকারীরা দ্রুত গোলপাতা মসজিদের দিকে পালিয়ে যায়, একটি মোটরসাইকেল বটতলার দিকে ফিরে যায়। হত্যার পর পুলিশ অভিযান চালিয়ে জামাই পরশ ও তার সহযোগী সাগরকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বেজপাড়ার ত্রিদিব ওরফে মিশুক এবং পরে রায়পাড়া তুলোতলা এলাকার শাহীন কাজীকে গ্রেপ্তার করা হয়। শাহীনের জবানবন্দিতে মনিরুলের নাম উঠে আসে।
নিহতের স্ত্রী শামীমা কোতোয়ালি থানায় জামাই পরশ, সাগরসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলে লেখা ছিল, হাদি ইজ নট নেম, হাদি মিনস বাংলাদেশ।
ডিবি পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান এখনও অব্যাহত রয়েছে।
| ফজর | শুরু- ৫.১২ টা ভোর |
| যোহর | শুরু- ১২.১২ টা দুপুর |
| আছর | শুরু- ৩.৩০ টা বিকাল |
| মাগরিব | শুরু- ৫.৫৭ টা সন্ধ্যা |
| এশা | শুরু- ৭.১৩ মিনিট রাত |
| Jummah | - দুপুর |