|
বঙ্গাব্দ | শনিবার, ৩০ মে ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ২০

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-05-09 18:41:52
  • 6092 বার পঠিত
চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ২০
ছবির ক্যাপশন: চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চুনতী ইউনিয়নের ফোর সিজন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন মুহাম্মদ নাঈম (২৩), নাইমুর ইসলাম জিহাদ (২৪), রেহানা বেগম ও মনির আহমদ (২৫)। নিহত জিহাদ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্য বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী মারসা পরিবহনের একটি বাস এবং বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাস ফোর সিজন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

আহতদের মধ্যে মুহাম্মদ মাসুম (৩০), আরাফাত (২২), দ্বীপ দত্ত (৩০) ও রিয়াজ (২৮) রয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় আহত আরাফাত জানান, যাত্রাপথে একটি বিষয় নিয়ে বাসচালক ঝামেলায় জড়িয়ে পড়লেও পরে তাকেই গাড়ি চালাতে দেখা যায়। কিছুদূর যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একই কোম্পানির আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে মুহূর্তেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে তার দুই বন্ধু ঘটনাস্থলেই মারা যান।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. তাসফিক আহমেদ বলেন, আহতদের অনেকের শরীরে গুরুতর আঘাত রয়েছে। কয়েকজনের হাত-পা ভেঙে গেছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে বেপরোয়া গতিতে যান চলাচল ও চালকদের অসতর্কতার কারণেই বারবার প্রাণহানির ঘটনা ঘটছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER